মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মানিকগঞ্জ-দৌলতপুর সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

আজ শুক্রবার দুপুরে ওই সড়কের মুলকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী।

নিহত ব্যক্তিরা হলেন, হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)।  তাঁদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।

ওসি রেজাউল করিম জানান, দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় তারা দৌলতপুর থকে মানিকগঞ্জে যাচ্ছিলেন। বেলা পৌনে ৩টার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুশি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই সাতজন নিহত হন।

ওসি রেজাউল বলেন, মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

>> ট্রাকের ধাক্কায় বাড়িতে ঢুকে গেল বাস, নিহত ৬