ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে আদালতে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সার্কিট হাউজে জেলা জজসহ একাধিক বিচারক, স্থানীয় প্রশাসন ও আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আনিসুল হকের দেয়া আশ্বাসে আদালতের অচলাবস্থা দ্রুত নিরসন হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

জেলা আইনজীবী সমিতির নেতারা বলছেন, চলমান আদালত বর্জন কর্মসূচি শিগগির তুলে নেয়া হবে। সমিতির সভাপতি মো. তানবীর ভূঞা বলেন, ‘সমিতির সাধারণ সভার পর আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়া হবে।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ার, জেলা জজ বেগম শারমিন নিগার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক রবিউল হাসান, যুগ্ম জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিন উপস্থিত ছিলেন।