সিলেটের গোয়াইনঘাটের পর্যটন এলাকা জাফলংয়ে পর্যটকের ওপর হামলা চালিয়েছেন উপজেলা প্রশাসনের নিযুক্ত স্বেচ্ছাসেবকরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে উপজেলা প্রশাসনের টোল কাউন্টার থেকে টিকিট কেনাকে কেন্দ্র করে পর্যটকের ওপর হামলা চালান স্বেচ্ছাসেবকরা। এদিকে হামলার ঘটনার পর আগামী সাতদিন জাফলংয়ে প্রবেশের ফি আদায় না করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে যান। টিকিট কেনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে কাউন্টারের লোকদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শিশু, নারী ও পুরুষসহ কমপক্ষে ছয় পর্যটকের ওপর হামলা চালান কয়েকজন স্বেচ্ছাসেবক। পরে স্থানীয় ও অন্য পর্যটকরা এগিয়ে এসে হামলাকারীদের সরিয়ে দিয়ে পর্যটকদের উদ্ধার করেন।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছাসেবক লেখা নীল ইউনিফর্ম পরা তিনজন হাতে লাঠি নিয়ে একদল পর্যটকে বেধড়ক পেটাচ্ছেন। এ সময় ওই দলে থাকা কিছু নারী পর্যটক তাদের থামাতে গিয়ে হামলার শিকার হন।

ট্যুরিস্ট পুলিশের জাফলংয়ের ইনচার্জ মো. রতন শেখ বলেন, জাফলংয়ে পানিতে পড়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন, এমন সংবাদে আমরা অন্যদিকে ব্যস্ত ছিলাম। এ সুযোগে পর্যটকদের ওপর হামলার ঘটনাটি ঘটেছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান বলেন, টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা কাটাকাটি হয় এক পর্যটকদলের। এর একপর্যায়ে স্বেচ্ছাসেবকরা পর্যটকদের ওপর হামলা চালায়। যেহেতু হামলাকারীরা আমাদের নিয়োজিত স্বেচ্ছাসেবক, তাই আমি দায় নিচ্ছি। এরই মধ্যে তিন স্বেচ্ছাসেবককে বরখাস্ত করেছি এবং পুলিশ প্রশাসনকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি।

সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, জাফলং পর্যটনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তত্পর। এ ঘটনায় সর্বমোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে আগামী সাতদিন পর্যটকের কাছ থেকে কোনো ধরনের টিকিট বাবদ টাকা আদায় করা হবে না। জাফলং উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে পর্যটকের ওপর হামলার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা এবং ঘটনার সঠিক তথ্য জানাতে ইউএনওকে নির্দেশনা দেয়া হয়েছে।