ব্রাহ্মণবাড়িয়ায় চলমান আদালত বর্জন কর্মসূচি শিগগিরই তুলে নেয়া হবে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সমিতির নেতাদের বৈঠকের পর এ তথ্য জানানো হয়।

বৈঠক শেষে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানবীর ভূঞা সাংবাদিকদের বলেন, ‘‌সমিতির সাধারণ সভার পর আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়া হবে।’

আইনমন্ত্রীর সঙ্গে আইনজীবীদের বৈঠকে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ার, জেলা জজ বেগম শারমিন নিগার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক রবিউল হাসান, যুগ্ম জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিন উপস্থিতি ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা।গত ১ ডিসেম্বর আইনজীবীরা মামলা দাখিল করতে গেলে বিচারক মোহাম্মদ ফারুক মামলা না নিয়ে তাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে বিচারক ফারুকের আদালত বর্জনের ঘোষণা দেন। এছাড়া বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ৪ জানুয়ারি কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা।

পরবর্তী সময়ে তাদের দাবি আদায় না হওয়ায় ৮-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুনরায় আদালত বর্জনের ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। এতে চরম দুর্ভোগের শিকার হন বিচারপ্রার্থীরা।