ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার আলমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, মসজিদ ফান্ডের টাকা-পয়সার সঠিক ব্যবহার, অবকাঠামো উন্নয়ন ও কমিটির সদস্যদের মাঝে প্রভাব বিস্তার নিয়ে ওই গ্রামের বাবুল হোসেন ও মিজানুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে এ নিয়ে আবারো তাদের মাঝে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মসজিদের কমিটি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরো বলেন, গতকাল বিকাল পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।










