বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া-৬ সদর আসনে সংসদ সদস্য প্রার্থী তারেক রহমান ১১ জানুয়ারি বগুড়া আসছেন। তার এ সফর ঘিরে জেলায় এখন উৎসবের আমেজ। বিএনপির নেতাকর্মীদের ব্যস্ততা বেড়েছে বহুগুণ।
১৯ বছর পর বগুড়া আসছেন তারেক রহমান। এ সফর ঘিরে জেলা বিএনপি কার্যালয়, শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন মোড় পরিচ্ছন্ন করার কাজ চলছে। শহরের মোড়ে মোড়ে শোভা পাবে ব্যানার, সেই প্রস্তুতি চলছে। তবে নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে নজর রাখা হবে বলে জানিয়েছে জেলা বিএনপির নেতারা। ব্যাপক কর্মসূচি সফল করার প্রস্তুতি নিতেই গতকাল সন্ধ্যায় জেলা কার্যালয়ে আলোচনায় বসেন বগুড়া বিএনপির নেতারা।
২০০৬ সালের পর প্রথমবারের মতো বগুড়ায় আসবেন তারেক রহমান। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে।
বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, ২০০৮ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য হন সদ্য প্রয়াত খালেদা জিয়া। ২০১৪ সালে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাপার নুরুল ইসলাম বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি শপথ না নেয়ায় উপনির্বাচনে বিএনপির গোলাম মো. সিরাজ বিজয়ী হন। পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করলে আরেকটি উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয়ী হন। এবার এ আসনে তারেক রহমান প্রার্থী হয়েছেন।
তারেক রহমানের আগমন ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা আর জেলায় এখন সাজ সাজ রব। দীর্ঘ ১৯ বছর পর তারেক রহমানকে কাছ থেকে দেখবেন বলে কর্মীরা বেশ আবেগাপ্লুত।
বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন সে খবর পেয়েছি। তবে চিঠি হাতে পাওয়া যায়নি। দেশে ফেরার পর ঢাকার বাইরে তার প্রথম সফর।’
তিনি জানান, ১১ জানুয়ারি সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। বগুড়ায় পৌঁছার পর বেশকিছু কর্মসূচিতে অংশ নেবেন ও রাত্রি যাপন করবেন। ১২ জানুয়ারি সকাল ১০টায় জেলা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত দলীয় চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় গণদোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন তারেক রহমান।










