ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুমার নামাজে কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুসিতে সিজল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (৫ মে) জুমার নামাজের সময় পৌর এলাকার আলমনগরে এ ঘটনা ঘটে।
নিহত সিজল মিয়া ওই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই এলাকার শাহ আলম ও সিজল মিয়ার মধ্যে পূর্ব বিরোধ ছিল। আজ জুমার নামাজের সময় কাতারে দাঁড়ানো নিয়ে উভয়ের কথা কাটাকাটি হয়। নামাজ শেষে মসজিদের বাইরে এসে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়েন। এসময় কিল-ঘুসিতে সিজল মিয়া নিহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।










