দ্বিতীয় আইসক্রিম উৎপাদন ইউনিট স্থাপনের জন্যে ১৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ। এরই মধ্যে কোম্পানিটি ময়মনসিংহের ভালুকায় বর্তমান আইসক্রিম উৎপাদন কারখানার কাছে ৫৯ দশমিক ১৬ শতাংশ জমি কিনেছে।

দ্বিতীয় আইসক্রিম উৎপাদন ইউনিটের অধিকাংশ মূলধনী যন্ত্রপাতি কিনতে সিঙ্গাপুরের টেট্রা প্যাক সাউথ ইস্ট এশিয়া পিটিই লিমিটেড, চীনের এমইসি গ্রুপ, ইতালির টেকনোআইস ও চীনের ইয়ানটাইমুন কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করবে লাভেলো।

দ্বিতীয় আইসক্রিম উৎপাদন ইউনিট স্থাপন ও আইসক্রিম উৎপাদন শুরুর পর লাভেলোর দৈনিক আইসক্রিম উৎপাদন ক্ষমতা দাঁড়াবে আড়াই লাখ লিটার, যা বর্তমান আইসক্রিম উৎপাদন ক্ষমতার দ্বিগুণের বেশি। দ্বিতীয় ইউনিটের উৎপাদিত আইসক্রিম ২০২৫ সালের জুন থেকে বাজারজাত করা হবে। কোম্পানির নগদ প্রবাহের ওপর ভিত্তি করে অভ্যন্তরীণ উৎস ও ব্যাংকের অর্থায়ন থেকে এই বিনিয়োগ করা হবে।