সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছের নীচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি টিম গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেছে। অন্যদিকে ঝড়ে গাছ-গাছালি ভেঙে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে অনেক এলাকা।

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, রাতে সিলেটের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। সিলেট-সুনামগঞ্জ সড়কে সিলেট সদর উপজেলার তেমুখী বাইপাস এলাকায় গাছ ভেঙে পড়ে। এতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে গাছ সরাতে গিয়ে চাপা পড়া অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, কাল বৈশাখী ঝড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ওই পথচারী ঝড়ের কবলে পড়েন। তার উপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলে মারা যান। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে গিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।  ফলে অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি জানান, দুপুর পর্যন্ত শ্রমিকরা অব্যাহতভাবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।