সিরাজগঞ্জে শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলশিক্ষিকার মৃতদেহ থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় মর্গের ডোমসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- হাসপাতালের মর্গে দায়িত্বরত ডোম রানা এবং তার সহযোগী শাহ আলম ও সুমন। চুরি যাওয়া স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তিনজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকি মঙ্গলবার দুপুরে খবরটি নিশ্চিত করে জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের মর্গে দায়িত্বরত ডোম রানা এবং তার সহযোগী শাহ আলম ও সুমনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মোতাবেক, একটি গলার চেন, দুটি আংটি, দুটি হাতের বালা, একজোড়া কানের দুল ও নাকফুল তাদের নিজ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, স্কুলশিক্ষিকার মৃতদেহ থেকে স্বর্ণালংকারগুলো চুরি করে ভাগ করে নেয় বলে তারা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, রবিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার কালাচাঁন মোড়ে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে রিকশাআরোহী বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফরাত সুলতানা রুনী তার ছেলে-মেয়েসহ নিহত হন। পরে ঘটনাস্থল থেকে শিক্ষিকা ও তার ছেলের মৃতদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে পরিবারের পক্ষ থেকে রবিবারই ময়নাতদন্ত না করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে সংশ্লিষ্টরা। কিন্ত মরদেহ হস্তান্তরের সময় স্বর্ণালংকার না পেয়ে মামলার বাদি ভিকটিমের ভাই মোসফেকুস সালেহীন পুলিশে অভিযোগ করেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা পরে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দোষিদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত ডোমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগ থেকেও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্কুল শিক্ষিকা ইফরাত সুলতানা সহ তার দু’সন্তানসহ নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা প্রাথমিক শিক্ষা পরিবার। মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজহারুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা  প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি উদয় কুমার পালসহ শিক্ষক সমিতির নেতারা। এর পরে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক, সেতু ও পরিবহনমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।