অবশেষে দীর্ঘ এক মাস পর ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশু-১ আদালত ব্যতীত সব আদালতের ওপর থেকে বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে জেলা আইনজীবী সমিতি। আজ থেকে ওই একটি ছাড়া সব আদালতের বিচারিক কার্যক্রমে অংশ নেবেন আইনজীবীরা।
আইনজীবীদের দাবি পূরণে আইনমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে বিশেষ সাধারণ সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভুইয়া।
তিনি জানান, আদালতের সমস্যা নিরসনে রোববার আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আইন সচিব গোলাম সারোয়ারসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে আমরা বলেছি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর মোহাম্মদ ফারুকের বিষয়ে কোনো ছাড় আইনজীবীরা দেবেন না। আইনমন্ত্রী আনিসুল হক দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি জেলা জজ শারমিন নিগারের বিষয়ে আমাদের নমনীয় হতে বলেছেন। সে আলোকে বিশেষ সাধারণ সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।










