ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাগাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিকাইল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে।
নিহতের মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরো কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যায়। গত বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রিজ এলাকা দিয়ে তারা দেশে ফেরার চেষ্টা করেন। এ সময় নদীয়ার শিলবাড়ি বিএসএফ’র টহলদলের সামনে পড়েন মিকাইলসহ অন্যান্যরা। তখন বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যান্য পালিয়ে যেতে পারলেও মিকাইল নিখোঁজ হন।
মুছা নুর আরো জানান, ঘটনার ৪ দিন পর গতকাল রোববার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে তার ভাইয়ের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলমও মিকাইলের পরিবারের বরাত দিয়ে এসব তথ্য জানান।
এ ব্যাপারে বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, এ ব্যাপারে কোনো তথ্য তিনি পাননি। খোঁজখবর নেওয়া হচ্ছে।









