নির্বাচন প্রক্রিয়াকে ভোটারবান্ধব ও সহজতর করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরা চাই দেশের অধিকাংশ ভোটার ভোট দিক। আমরা নির্বাচনকে যেন কঠিন না করি। সহজতর করি, যাতে অধিকাংশ ভোটার ভোট দিতে পারেন, এ আহ্বান নির্বাচন কমিশনের প্রতি আমরা জানিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন।’

গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ভোটার স্লিপে নির্বাচনী প্রার্থীর মার্কা, ছবি বা দলের নাম না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনা করতে আহ্বান জানিয়েছেন বলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটা ভোটার স্লিপ পেলে ভোটার নিজেই কোন প্রার্থীকে বেছে নেবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নেবেন। সুতরাং প্রার্থীর মার্কা বা ছবি যেকোনো একটা ভোটার স্লিপে থাকলে ভোট প্রদান একজন ভোটারের জন্য আরো সহজ হয়ে যাবে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনা করে দেখতে বলেছি, কেননা চাইলে তারা নিজেরাই বিষয়টি অন্তর্ভুক্ত করতে পারেন। এতে একজন ভোটারের ভোটদান প্রক্রিয়া সহজ হবে।’