ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা নেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেশব্যাপী অনিবন্ধিত ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে দুপুরে শহরের কুমারশীল মোড়ে অবস্থিত চাঁদের হাসি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া শহরের টেংকের পাড়ে অবস্থিত স্ট্যান্ডার্ড হসপিটাল অ্যান্ড টোটাল হেলথকেয়ার হাসপাতালের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও যন্ত্রপাতি পাওয়া যায়। পাশাপাশি প্যাথলজি পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়ের সত্যতা পাওয়া যায়। ভোক্তা অধিকার আইন অনুযায়ী হাসপাতালটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযান চলাকালে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে মেডিকেল অফিসার ডাক্তার আশরাফুর রহমান হিমেল, ডাক্তার তাসনুভা তাবাসসুম নোভা, ডা. ফাইরোজ মায়িশা, স্যানিটারি ইন্সপেক্টর মো. ছফিউর রহমান উপস্থিত ছিলেন। 

আশরাফুর রহমান হিমেল বলেন, ‘স্বাস্থ্যসেবার মান বাড়াতে জেলাজুড়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলছে।’