সিরাজগঞ্জে বাসের ধাক্কায় ফিহাদ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হূদয় (২০) নামে অন্য এক যুবকের পা শরীর থেকে আলাদা হয়ে গেছে।

গতকাল দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিহাদ শহরের দিয়ার ধানগড়া মহল্লার নিখিল সর্দারের ছেলে এবং স্থানীয় সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহা উদ্দিন ফারুকী খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরবাইকে করে হূদয় ও ফিহাদ দুজন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে মালশাপাড়া কবরস্থান এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।