সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। আজ সোমবার ভোরে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজানি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সি ছেলে সাফি আহমদ ও জুবের আহমদের ভাবি শামীমারা বেগম (৪৮)।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের হাসপাতালে পাঠায়। এছাড়া নিহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছে ফায়ার সার্ভিস।
নিহতদের স্বজন ইমামুল ইসলাম সাজু জানান, প্রতিদিনের মতো পরিবারের সদস্যরা রাতে ঘুমিয়ে ছিলেন। অবিরাম বৃষ্টি হচ্ছিলো। ভোরে হঠাৎ করে পাশের উচু টিলা ধসে তাদের টিনসেড পাকা ঘরে পড়ে। এতে ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।
চিবনাগুল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী জানান, অতিরিক্ত বৃষ্টিতে পূর্ব সাতজানি এলাকার একটি টিলা ধসে ঘরের উপর পরে। এতে টিলার পাদদেশে বসবাস করা ওই পরিবারের ৪ সদস্য মারা যান।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর জানান, নিহতদের ময়নাতদন্তের কাজ চলছে। মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।










