ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আলোচিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়েরকৃত আট মামলার মধ্যে একটির রায় ঘোষণা করেছেন আদালত।
গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ পারভেজ নাসিরগর উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকার পুরাতন দুর্গামন্দিরে অগ্নিসংযোগের মামলায় ১৩ জনকে চার বছর করে কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপশি প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জেলা আদালত পুলিশের পরিদর্শক দিদারুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোখলেছ মিয়া, মফিজুল হক, খসরু মিয়া, নাজির রহমান, মাফুজ মিয়া, ইদু মিয়া, শেখ আব্দুল আহাদ, সায়হাম রাব্বি শ্যাম, মীর কাশেম, আনিস মিয়া, তাবারক রেজা, সজীব চৌধুরী ও দেওয়ান আতিকুর রহমান আঁখি। এদের মধ্যে পাঁচজন পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তদের বাড়ি নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকায়।
আদালত ও নাসিরনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের বাসিন্দা রসরাজ দাসের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি পোস্ট দেয়ার অভিযোগে ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরের হিন্দু-অধ্যুষিত কয়েকটি এলাকায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এসব ঘটনায় নাসিরনগর থানায় আটটি মামলা করা হয়।










