নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ সোমবার (৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

তবে ইসির ওপর নিজেদের আস্থার কথা পুনর্ব্যক্ত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি। জাতি মনে করছে নির্বাচনের তফসিল নিয়ে সময় পার হয়ে যাচ্ছিল। তাই আমরা এসেছি। ইসির ওপর আমাদের আস্থা রয়েছে।

বৈঠক সিইসি ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে উপস্থিত ছিল ছয় সদস্যের প্রতিনিধি দল।

সভা শেষে ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, আমরা সুনির্দিষ্ট ঘটনা তুলে ধরেছি। কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরব, ইসি বলেছে ব্যবস্থা নেবে।

তিনি বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়ে আলোচনা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও কথা হয়েছে।

জামায়াতের এ নেতা জানান, একটি দল প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছে। তফসিল হলে এগুলো নিয়ন্ত্রণের জন্য কী ধরনের ব্যবস্থা নেবে তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, প্রবাসী ভোটারের নিবন্ধন প্রক্রিয়াটি জটিল মনে করছে প্রবাসীরা। এটাকে আরো সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে।