সিলেটের পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে ধর্মঘট ডেকেছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল রোববারের মধ্যে পাথর উত্তোলনের সুযোগ না দিলে পরদিন সোমবার জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হবে।

ধর্মঘটে দাবি পূরণ না হলে পুরো বিভাগে লাগাতার কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।

সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও সভাপতি গোলাম হাদী ছয়ফুল জানান, সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং ও লোভাছড়া পাথর কোয়ারি থেকে স্বাধীনতার পর থেকে সারা দেশের পাথর সরবরাহ করা হয়ে আসছিল। প্রায় ১৫ লাখ ব্যবসায়ী-শ্রমিক ও পরিবহন মালিক-শ্রমিক এ ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু প্রায় ৫ বছর ধরে কোয়ারি বন্ধ থাকার কারণে সিলেটের পরিবহন খাত বিশেষ করে ট্রাক মালিক ও শ্রমিকদের ব্যবসায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, অধিকাংশ ট্রাক মালিক ব্যাংক ঋণ নিয়ে অথবা কোম্পানিগুলোর কাছ থেকে কিস্তিতে মূল্য পরিশোধের শর্তে গাড়ি কিনেছেন। গত ৫ বছর ধরে কোয়ারি বন্ধ থাকার কারণে ট্রাক মালিকদের পণ্য পরিবহনে ভাটা পড়েছে। এই অবস্থায় শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ফলে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

গোলাম হাদী ছয়ফুল তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। একইসঙ্গে শ্রমিকদের ধর্মঘট পালনের আহ্বান জানান।