করদাতাদের কাছ থেকে জোর করে কর আদায় করা যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘করদাতার সামর্থ্য অনুযায়ী কর আদায় করতে হবে। যেন করদাতারা টেবিলের নিচ দিয়ে ২০ হাজার টাকা খরচ না করেন, সেই দিকেও খেয়াল রাখতে হবে। করদাতাদের যেন কষ্ট না হয়, কর অফিসে আসতে না হয়, সেজন্য অনলাইন রিটার্ন দাখিল চালু করা হয়েছে।’  

গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। তার আগে ড. সালেহউদ্দিন অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক সভায় এ সিস্টেম উন্মুক্ত করেন। এ সময় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম উন্মুক্ত করা হলো। একই সঙ্গে ই-রিটার্নসংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তায় কল সেন্টারও স্থাপন করা হয়েছে।

ড. সালেহউদ্দিন আরো বলেন, ‘আমরা আশা করছি এই অর্থবছরে ১৫ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করবেন। কলসেন্টার তাদের সহযোগিতা দিতে সবসময় তৎপর থাকবে ও সেবার মান নিশ্চিত করবে।’