রাজধানী ঢাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পুলিশ সদস্য শ্রী রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে সৎকার সম্পন্ন করা হয়েছে। আজ বুধবার (৬ মে) বিকেলে জেলা পুলিশের তত্ত্বাবধায়নে সদর উপজেলার কাফিলাতলি গ্রামে তার মরদেহ সৎকার করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এসময় পুলিশ সদস্য শ্রী রঘুনাথ রায়ের কফিনে গার্ডঅফ অনার প্রদান করা হয়েছে।

পুলিশ সদস্য রঘুনাথ রায় মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

সদর থানা পুলিশ সূত্র জানায়, রঘুনাথ রায় ঢাকা মেট্টোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম-দক্ষিণ) বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বুধবার (৬ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রঘুনাথ রায়। 

পরে দুপুরে তার মরদেহ নিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স লক্ষ্মীপুরের কাফিলাতলি গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। পরে বিকেলে ধর্মীয় বিধান অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ সৎকার করা হয়। নন্দন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী কর্মীদের সহায়তায় এই মরদেহ সৎকার সম্পন্ন করা হয়।