ব্রাহ্মণবাড়িয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য দুই-তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। সেসব ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্বাস সেসব ষড়যন্ত্র বাংলাদেশের মানুষই প্রতিহত করবে এবং ছিন্ন ভিন্ন করে দিবে।’

আজ মঙ্গলবার (২ মে) সকালে আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মন্ত্রী। সঙ্গে যোগ করেন, একমাত্র শেখ হাসিনার আমলে উন্নয়ন সম্ভব।

আনিসুল হক বলেন, বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনকে গৃহ দিচ্ছে। জনগণ যদি তার হাতকে শক্ত করে এবং নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিয়ে তাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন- তাহলে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

এর আগে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের এক পথসভা করেন মন্ত্রী। এ সময় আগামী জাতীয় নির্বাচনে সবার কাছে নৌকা মার্কায় ভোট চান। পরে মনিয়ন্দ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানী ও মনিয়ন্দ ইউনিয়ন ভোট পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।