২০ লাখ টাকা চাঁদা দাবিতে নারায়ণগঞ্জের সৈয়দপুর ও মদনগঞ্জ এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেয়ার হুমকির ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার (চীনা নাগরিক) দুয়ন উই বাদী হয়ে বন্দর থানায় মামলাটি করেন। মামলায় মারুফ, সেলিম, শ্যামল ওরফে রাব্বী ও আবদুস সালামসহ অজ্ঞাত ৩০-৩৫ ব্যক্তিকে আসামি করা হয়। মামলার পর রাতেই পুলিশ মদনগঞ্জের ইসলামপুর এলাকা থেকে আবদুস সালামকে গ্রেফতার করে। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দুয়ন উই শ্রমিক নিয়ে গত ২২ ফেব্রুয়ারি সেতুর পাশে থাকা একটি স্টিলের সেতু খুলে ফেলার কাজ করছিলেন। এ  সময় বন্দরের ফরাজিকান্দা এলাকার মারুফ, সেলিম, ম্যামল ওরফে রাব্বী ও আব্দুস সালামসহ ৩০-৩৫ জনের একটি চাঁদাবাজ চক্র ট্রলার, প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে কাজের সাইটে ধারালো অস্ত্র নিয়ে নির্মাণ শ্রমিকদের কাজে বাধা দেয়।

 এ সময় প্রজেক্ট ম্যানেজার দুয়ন উই কাজ বন্ধ করে দেয়ার কারণ জানতে চাইলে তারা জানায়, এখানে কাজ করতে হলে ২০ লাখ টাকা চাঁদা দিতে হবে। টাকা না দিলে এখানে কোনো কাজ করা যাবে না। 

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। শুক্রবার রাতে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।