দেশের সাত অঞ্চলে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে।

আজ (২২ সেপ্টেম্বর) সকাল ৫টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সামান্য হ্রাস পেতে পারে দিনের তাপমাত্রা।

আজ সকাল ৬ টায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬%।