পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পাটজাত মোড়কের ব্যবহার বাড়ানো হবে। এ বিষয়ে ডিসেম্বরের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে। পরিবেশ মন্ত্রণালয় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নীতিগত সহায়তা দেবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) মতিঝিলে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে পরিবেশবান্ধব পাট খাত এবং পাট শিল্পের সমস্যা উত্তরণ বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন উপদেষ্টা। 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের পরিবেশ রক্ষায় পাট খাতের গুরুত্ব অনেক। পাট শিল্পের সংকট মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেয়ার প্রয়োজন রয়েছে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে পাট শিল্পকে টিকিয়ে রাখতে হবে।

এ সময় পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ধান, চাল ও গমের বস্তায় পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হবে। পাটজাত পণ্যের বিস্তারে সবার সহযোগিতা প্রয়োজন।

সভায় বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. আবুল হোসেন সভাপতিত্ব করেন। দেশের বিভিন্ন পাট মিলের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা পাট শিল্পের বর্তমান পরিস্থিতি ও সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন। পরে পরিবেশ উপদেষ্টা অটোব্রিক্স মালিক সমিতির সঙ্গেও মতবিনিময় সভা করেন।