জাতীয় নির্বাচনের তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গতকাল এক ভিডিও বার্তায় বলেছেন, জনগণের প্রত্যাশামাফিক ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে তফসিল ঘোষিত হয়েছে তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রাথমিকভাবে স্বাগত জানায়।
তারা বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দেবে বলে আমরা প্রত্যাশা করি। জুলাই গণ-অভ্যুত্থানের অংশীদার আটটি দলের দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের যে চ্যালেঞ্জ তারা নিয়েছেন সেই চ্যালেঞ্জে তারা সফল হোন; সেই প্রত্যাশা আমরা করি। সেজন্য আমরা সহায়তাও করব।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘আমরা শেষাবধি আশা করেছিলাম যে সরকার ও নির্বাচন কমিশন আন্দোলনরত আট দলের দাবি মেনে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করবে এবং জাতীয় ভোটের আগে গণভোট আয়োজন করবে। আমাদের সে দাবি উপেক্ষিত হলো। তার পরও জাতির বৃহত্তর স্বার্থে আমরা একে স্বাগত জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘মাঠ প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে। মাঠ প্রশাসনের বিন্যাসে এবং কার্যক্রমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। কোনো দলের প্রতি আনুকূল্য দেখানোর সুযোগ নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে।’










