‘বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করছে’—আল-জাজিরায় দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে জনগণের কথা বলেছেন, ‘সেই জনগণ কারা’—তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার ( ২৮ এপ্রিল) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মিত্র শরিক ন্যাপ-ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে আলাদা আলাদা বৈঠকের পর সংবাদ ব্রিফিঙে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ প্রশ্ন তোলেন।
তিনি বলেন, এ জনগণ বলতে কারা? এ জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী হয়, যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্র ও নির্বাচনকে সংকটের মুখে ফেলছে অথবা কোনো দেশী বিশেষ সুবিধাভোগী গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে—তাহলে তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করছে। গত সপ্তাহে আথ্রানা সামিটে অংশ নিতে দোহা সফরে গিয়ে আল-জাজিরাকে সাক্ষাৎকার দেন মুহাম্মদ ইউনূস। রোববার রাতে সেই সাক্ষাৎকার সম্প্রচার করে আল-জাজিরা।প্রধান উপদেষ্টা আরো বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সম্পন্ন করে ২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন হবে, তার পরে নয়।
এত আত্মত্যাগ কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য নয়, মন্তব্য করে আমির খসরু বলেন, ‘১৬ বছরের লড়াই ছিল বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। এই সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে সে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে—সেটা যেই সরকারই হোক।’










