জনপ্রতিনিধি নির্বাচনের পদ্ধতি সংক্রান্ত
সংস্কার দ্রুত শেষ হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ শেষ করে
নির্বাচনের দিকে যাবে।
মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি অন্তবর্তী
সরকার কাজ করছে। এ কাজের জন্য তাদের সময় ও সুযোগ দিতে আমরা প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ।
প্রধান উপদেষ্টা বুধবার জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি সংস্কারের কথা
ঘোষণা করেছেন, তার জন্য একটি কমিটির নামও ঘোষণা করেছেন। এই বক্তব্যে তিনি মোটামুটিভাবে
তার লক্ষ্যের কথা ঘোষণা করেছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে কয়েক হাজার নেতাকর্মী
গুম ও খুনের শিকার হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, প্রায় ৬০ লাখ মামলা হয়েছে। আমাদের
নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে প্রায় ছয় বছর কারারুদ্ধ করে রেখেছে।
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে তিনি মুক্ত হয়েছেন।
আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র
দিবস বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, গণতন্ত্রকে
প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করার। এ কারণে আমরা দুদিনের
কর্মসূচি দিয়েছি। কর্মসূচির মধ্যে ১৪ সেপ্টেম্বর শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সেখানে গত ১৫ বছরে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যারা শহীদ ও নির্যাতিত হয়েছেন,
তাদের স্বজনদের নিয়ে সমাবেশ করা হবে। সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আর
১৫ তারিখ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ হবে।










