কক্সবাজারের টেকনাফে ২৯ কেজি স্বর্ণালংকারসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। শনিবার রাতে হ্নীলা পূর্ব সিকদারপাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন—উখিয়া উপজেলার ১৩ নম্বর ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান (৪৫) এবং মিয়ানমারের মন্ডু সুধাপাড়ার আনোয়ার সাদেক (৪০)।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, উদ্ধার করা স্বর্ণালংকার এবং টাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কর ও শুল্ক ফাঁকির অভিযোগে নিয়মিত মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহ দুয়েক ধরে মিয়ানমার সীমান্তের বিভিন্ন গ্রামে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সুযোগে পাচারকারীরা রোহিঙ্গাদের অনুপ্রবেশে উৎসাহী হয়ে উঠেছে। রোহিঙ্গা এপারে চলে আসার জন্য নৌকায় উঠলে ওপার সীমান্তে দায়িত্বরতদের অনেকে বোমা বিস্ফোরণ করে নৌকা ডুবিয়ে দেয়। সম্প্রতি ট্রলার ডুবে ৩৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।









