তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

গতকাল দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি চলাকালে বেকা গার্মেন্টসের শ্রমিক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান, গাবতলী পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সংগঠক সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাতুল, কারখানার শ্রমিক রাজিয়া, মেহেদী, কমলা, মালা, ফরিদ, নূরজাহান, রাজিব প্রমুখ।

শ্রমিক নেতারা বলেন, বেকা গার্মেন্টসের শ্রমিকদের চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলের বেতন বকেয়া রয়েছে। মালিক পক্ষ ও বেপজা কর্তৃপক্ষ একের পর এক তারিখ দিয়েছে কিন্তু বকেয়া বেতন পরিশোধ করছে না। ২১ এপ্রিল বেআইনিভাবে কারখানাটি বন্ধ করে দেয়। শ্রমিকরা কারখানা গেটে গেলে পুলিশ লাঠিপেটা করে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ঈদকে সামনে রেখে শ্রমিকরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। যেখানে বেতনই পাচ্ছেন না, সেখানে ঈদ বোনাস পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তিন মাস ধরে বেতন না পেয়ে বাসা ভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে না পারায় অনেক শ্রমিক ঈদে বাড়িও যেতে পারছেন না। ঈদের সময়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। জেলা প্রশাসকসহ শ্রমিকরা সংশ্লিষ্ট প্রশাসনের সব জায়গায় লিখিত অভিযোগ দিলেও কেউ শ্রমিকদের সমস্যা সমাধানে এগিয়ে আসেনি।