লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিবের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে হাসপাতালের সামনে করইতলা বাজারে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল আমিন মাস্টার, ব্যবসায়ী মো. রাসেল, সাবেক ইউপি সদস্য মো. সেলিম, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ, স্থানীয় বাসিন্দা শামছুল আলম নিশাদ, রনি চন্দ্র দাস, শিপন হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, রাজিব মানবিক চিকিৎসক। করোনার সময়ে বাড়ি বাড়ি গিয়ে তিনি উপজেলার মানুষকে সেবা দিয়েছেন। তিনি মানুষের মনে মানবিকতার বীজ বুনেছেন। ষড়যন্ত্রমূলকভাবে তাকে বদলি করা হয়েছে। বদলি প্রত্যাহার করে তাকে ফের কমলনগরে নিয়োগ দিতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন তারা।

হাসপাতাল সূত্র জানায়, রেজাউল করিম রাজিবকে কমলনগর থেকে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ আদেশ দেয়া হয়েছে।