ভারতের গম রফতানি বন্ধে দেশের বাজারে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ রোববার দুপুরে সিলেট সদর খাদ্য গুদাম (এলএসডি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি
খাদ্যমন্ত্রী বলেন, ভারত সরকারিভাবে গম রফতানি বন্ধের প্রজ্ঞাপন দেয়নি, দিলেও এতে বাংলাদেশের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। তাছাড়া এবারের বন্যায় ধানের যে ক্ষতি হয়েছে তাতেও খাদ্যে কোনো ঘাটতি হবে না। তিনি বলেন, সিলেটে ধান চাল সংরক্ষণের জন্য ২৫ হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন সাইলো নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।
তিনি আরো বলেন, দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ। দেশে যে পরিমাণ চাল উৎপাদন হয় তাতে আর চাল আমদানি করতে হবে না। এছাড়া ভবিষ্যতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে এটির আমদানির চেষ্টা চালাচ্ছে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) মো. রায়হানুল কবীর, পরিচালক মো. জামাল হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (সিলেট) মো. মাইন উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা প্রমূখ।










