চাহিদা বৃদ্ধির কারণে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চলাচল করত। এখন তা তিনটিতে উন্নীত করা হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ বোসরা ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বোসরা ইসলাম জানান, আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট টরন্টো রুটে যোগ করা হয়েছে। এর ফলে ৩১ অক্টোবর থেকে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সপ্তাহে তিনটি ফ্লাইট চলবে। বর্তমানে এ রুটে শুধু মঙ্গলবার ও শনিবার ফ্লাইট পরিচালিত হচ্ছে। 

বিমান জানায়, এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য ওই ফ্লাইটের টিকিটগুলো উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় দেয়া হচ্ছে।