ঢাকা-৮ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারো ডিম নিক্ষেপ করা হয়েছে। রাজধানীর শান্তিনগরে হবিবুল্লাহ বাহার কলেজে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ফকিরাপুলে একটি হোটেলে গতকাল এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি আঘাত আসে, তাহলে পাল্টা আঘাত। নির্বাচন কমিশন যদি নীরব ভূমিকা পালন করে, পুলিশ যদি নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তাই করব। একদলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্যদলের প্রার্থীদের ওপরও ডিম পড়বে।’
নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘এটা খুবই দুঃখজনক। খুবই ন্যক্কারজনক। এটা অস্বীকারের চেষ্টা আরো বেশি ন্যক্কারজনক। কলেজে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা পরিকল্পনা করে এটা করেছে। মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে এ ঘটনা ঘটেছে।’
বিএনপিকে উদ্দেশ করে এনসিপির প্রধান বলেন, ‘আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন, আরেক দিকে বিরোধীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা করে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন—এটা আমরা বাংলাদেশে হতে দেব না। আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি। দেখতে চাই, তারা এর কী ব্যবস্থা নেয়। কলেজ প্রশাসন কী ব্যবস্থা নেয়। বিএনপি দলীয়ভাবে কী ব্যবস্থা নেয়।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজনৈতিক যাত্রা নিয়েও এ সময় মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি। আমরাও এ ঢাকা শহরে বড় হয়েছি। ঢাকা শহরে তার সাম্রাজ্য কীভাবে হইছে, তা এ ঢাকা শহরের মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে। তবে আগে যা করেছেন, সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন, তাহলে এবার নির্বাচনে এর পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলব। জনগণ সিদ্ধান্ত নেবে তারা কাকে ভোট দেবে। আপনারা জনগণকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না? জনগণ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার; কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে।’
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা করেছে। ছাত্রদলের যারা হামলা করেছে, আমি পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম।’ এ সময় মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কারের দাবি জানান ঢাকা-৮ আসনের এ প্রার্থী।









