কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আনোয়ারুল ইসলাম নামে এক বাংলাদেশী কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আনোয়ারুল ওই এলাকার বাসিন্দা।
আনোয়ারুলের পরিবারের সদস্যরা
জানান, আনোয়ারুল ইসলাম সকালে ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় সেখানে গোলাগুলির শব্দ শুনতে
পেয়ে তিনি মাটিতে বসে পড়েন। তখন গুলি এসে তার গায়ে লাগে। পরে আনোয়ারুলকে উদ্ধার করে উখিয়ার
কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
পালংখালী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, আনোয়ারুল ইসলাম নামের এক কৃষকের গায়ে গুলি
লাগার খবর পেয়েছি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
জানানো হয়েছে।
পালংখালী ইউনিয়নের ২নম্বর
ওয়ার্ডের গ্রাম পুলিশ নুরুল আমিন বলেন, দিনে একটু স্বস্তিতে থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে
সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিয়ানমারের ছোড়া মর্টার শেল ও গুলির শব্দে মনে হয় যেন
মাটি দেবে যাচ্ছে। এ আতঙ্কে এলাকার মানুষের চোখে ঘুম নেই।
তিনি বলেন, প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাসদস্যদের স্থানীয় ইউনিয়ন পরিষদে আশ্রয় দেয়া হয়েছে।










