উন্নয়নের নামে দেশের একেকটি শহর টাইম বোমা হয়ে দাঁড়িয়েছে। এর মূল কারণ অপরিকল্পিত উন্নয়ন। আর এই অপরিকল্পিত নগরায়ন এখনই ঠেকানো জরুরি বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) কার্যালয়ে 'শহরায়ণ এবং বাংলাদেশের উন্নয়ন' শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং পিআরআইয়ের গবেষণা থেকে এ আলোচনা করা হয়।

এ সময় জানানো হয়, দেশের প্রধান দুই নগরী ঢাকা ও চট্টগ্রামের পৌরসভা গঠিত হয় প্রায় একই সময়ে – ১৮৬০-এর দশকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র রাজধানী ঢাকাতেই কেন্দ্রীয় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা রয়েছে, তাও মাত্র ১০ শতাংশ এলাকার জন্য। চলমান এই অপরিকল্পিত নগরায়ণে ক্ষুব্ধ মেয়র, সিটি কাউন্সিলর, নাগরিক সমাজ এমনকি কিছু সরকারি কর্মকর্তাও।

সেমিনারে গাজীপুর সিটি করপোরেশনের উদাহরণ টেনে বক্তারা বলেন, গাজীপুর শহরের বিশৃঙ্খল নগর উন্নয়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা ২০২৪ সালের মার্চ মাসে একটি খসড়া মাস্টারপ্ল্যান প্রণয়ন করে। তাতে বলা হয়েছে, একটি সুপরিকল্পিত, নিরাপদ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশন একটি নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের পরিচালক ড. আহমাদ আহসান।