দুর্ঘটনার একদিন পার হলেও ব্রাহ্মণবাড়িয়ায়
উদ্ধার হয়নি মালবাহী ট্রেনের লাইনচ্যুত সাত বগি। এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত
কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায়
বাংলাদেশ রেলওয়ে সহকারি পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাঁচ সদস্যের কমিটিতে বাংলাদেশ
রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো. খাইরুল কবিরকে প্রধান করা হয়েছে। বাকি সদস্যরা
হলেন বাংলাদেশ রেলওয়ে ঢাকার বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. সৌমাক শাওন, বিভাগীর প্রকৌশলী
জহিরুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী ঢাকা- ২ সিরাজ জিন্নাত ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী
মো. রাসেল।
তদন্ত কমিটিকে আগামী তিন কার্য দিবসের
মধ্যে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ দিকে ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও
উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে। কখন উদ্ধার সম্পন্ন হবে তাও বলা যাচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শহরতলীর
দাড়িয়াপুর রেলগেইট সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে চট্টগ্রাম থেকে ছেড়ে
ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন
মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, অত্যধিক গরমে লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এর
ফলে রেল লাইন ও স্লিপারের ব্যাপক ক্ষতি হয়।










