ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকাশ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই গ্রামের উত্তরপাড়া এলাকার শেখ হুমায়ূনের ছেলে। এ ঘটনায় ফায়েজ (১৬), আরমান (২০), রাকিব (১৪) ও মাসুম (১৭) নামে আরো চার তরুণ আহত হয়েছে। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, আকাশের সঙ্গে তার পার্শ্ববর্তী এলাকার শেখ কামরুলের ছেলে রিফাতের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জেরে বুধবার দুপুরে রিফাত ও আকাশের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে সন্ধ্যায় মধ্যপাড়ায় রিফাত তার বাড়ির পাশে আকাশকে ছুরিকাঘাত করে।

এ সময় আকাশের সঙ্গে থাকা চার তরুণও রিফাত ও তার সহযোগীদের হামলায় আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।