বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে ক্রমবর্ধমান হারে বাড়ছে বয়স্ক জনসংখ্যা। একই সঙ্গে জন্মহার কমায় কর্মী সংকটের আশঙ্কাও তৈরি হচ্ছে। এমন পরিপ্রেক্ষিতে ১৯৭৮ সালের পর প্রথমবার অবসরের বয়স বাড়ল চীনে, একইসঙ্গে পেনশন ভাতার নিয়মে এল বড় পরিবর্তন। খবর এফটি।

নতুন সিদ্ধান্ত অনুসারে, চীন ধীরে ধীরে সব পুরুষ কর্মীর অবসরের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬৩ বছরের উন্নীত করবে। অন্যদিকে নারীদের ক্ষেত্রে দুটি ভাগ রাখা হয়েছে। হোয়াইট-কলার বা প্রশাসনিক ও ব্যবস্থাপনা পর্যায়ের চাকরিতে নারীদের অবসরসীমা ৫৫ থেকে বাড়িয়ে ৫৮ বছর করা হয়েছে। ব্লু-কলার বা কর্মী পর্যায়ে বয়সসীমা ৫০ থেকে বাড়িয়ে ৫৫ বছর ধার্য হয়েছে।

অবসর সংক্রান্ত এ নীতিগুলো ২০২৫ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। ছোট ছোট কিছু ধাপে নতুন নীতিগুলো পুরোনো নিয়মনের সঙ্গে সামঞ্জস্য"করা হবে। যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হতে ১৫ বছরেরও বেশি সময় নেবে।

অবসরের সময়সীমা বিষয়ক সিদ্ধান্তটি চীনের পেনশন ব্যবস্থার জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। অনেকদিন ধরেই পেনশন তহবিলের অর্থের ঘাটতি দেশটিতে আলোচনায় রয়েছে। এখন বিশ্লেষকরা বলেছেন, আর্থিক সংকটপূর্ণ এ সময়ে শ্রমবাজারে কর্মীদের বেশি দিন ধরে রাখা গেলে পেনশন ব্যবস্থার ওপর চাপ কমানো যাবে।