বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত বিএটিসি’র প্রকৌশল বিভাগের
ছাত্র মো. ওমর বিন আবছার, নগরীর বহদ্দারহাটে নিহত ফার্নিচার মিস্ত্রী মো. ফারুক ও মুরাদপুরে
নিহত ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ফয়সাল আহমদ শান্তের স্বজনদের সান্ত্বনা জানাতে তাদের বাড়িতে গিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বোয়ালখালী, চট্টগ্রাম
নগরীর বহদ্দারহাট ও লালখানবাজারে তিন পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় অতিরিক্ত
জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.
সাদি-উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শনিবার সকালে বোয়ালখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
সময় গত ৫ আগস্ট ঢাকায় নিহত বিএটিসি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ওমর বিন আবছারের
কবর জেয়ারত করেন জেলা প্রশাসক। এ সময় ওমরের পিতা-মাতাকে সান্ত্বনার পাশাপাশি ওমরের
কবরে যাওয়ার রাস্তা সংস্কার ও পাশে একটি সড়কের নামকরণের ঘোষণা দেন ডিসি।
বহদ্দারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ফার্নিচার মিস্ত্রী
মো. ফারুকের লালখান বাজারের টাংকির পাহাড় এলাকার বাসায় গিয়ে আর্থিক সহায়তা হিসেবে
স্ত্রী সীমা আক্তারের হাতে আর্থিক সহায়তার পাশাপাশি তার ছেলে-মেয়েকে সরকারি স্কুলে
ভর্তিসহ বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। এদিকে মুরাদপুরে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয়ের বিবিএ ১ম বর্ষের শিক্ষার্থী
মো. ফয়সাল আহমদ শান্তের লালখান বাজারের বাঘঘোনা এলাকার বাসায় গিয়ে আর্থিক সহায়তার পাশাপাশি
শান্তের পিতার জন্য চাকরির ব্যবস্থা করার ঘোষণা দেন জেলা প্রশাসক।










