হেফাজতে ইসলামের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে সহিংসতার ঘটনায় মোট ২২টি মামলা দায়ের করা হলো। এসব মামলায় ২৩ হাজার জনকে আসামি করা হয়েছে। গতকাল নতুন তিনটি মামলাই সদর মডেল থানায় দায়ের করা হয়।

নতুন মামলাগুলোতে পৌরসভা ভাংচুর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে অগ্নিসংযোগ ও জেলা গণগ্রন্থাগার ও প্রেস ক্লাব ভাংচুরের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, দায়েরকৃত ২২টি মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় ২৩ হাজার লোককে আসামি করা হয়েছে। এর মধ্যে ৩২ জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, গতকাল পর্যন্ত হামলা ও ভাংচুরের ঘটনায় সদর থানায় ১৮টি মামলা হয়েছে।