দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

যৌথসভায় ঘোষিত কর্মসূচি- রোববার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ সব পর্যায়ের নেতাকর্মী পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

বেলা ২টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জাতীয় নেতাসহ দেশের বরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকগুলোতে ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হবে।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটগুলোতে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিগুলোতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে।