দেশের ব্যাংক খাত সংস্কারে ছয় সদস্যের টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের সদস্যরা হলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী, সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ. (রুমি) আলী, ব্র্যাক ব্যাংক পিএলসির চেয়ারম্যান মেহরিয়ার এম হাসান, বিশ্বব্যাংক গ্রুপ ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান ও নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর পার্টনার সাব্বির আহমেদ। এ টাস্কফোর্সের সার্বিক কার্যাবলি সমন্বয় করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, নবগঠিত টাস্কফোর্স আর্থিক স্থিতিশীলতা রক্ষার্থে ব্যাংক খাতের বর্তমান আর্থিক পরিস্থিতি, মন্দ সম্পদ এবং প্রধান প্রধান ঝুঁকি নিরূপণ, দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সূচক পর্যালোচনা, ঋণের প্রকৃত অবস্থা নিরূপণ, প্রভিশন ঘাটতি নিরূপণ, তারল্য পরিস্থিতি পর্যালোচনা, নিট মূলধন নির্ণয়, সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ, সংশ্লিষ্ট ব্যাংকের মন্দ সম্পদকে পৃথককরণ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে।