বিশ্ব পর্যটন দিবস আজ। দিবসটি উপলক্ষে  পর্যটকদের আকৃষ্ট করতে বেগুনি, নীল, আসমানি, লাল, সবুজ, হলুদসহ শতাধিক রঙিন ছাতায় সেজেছে পর্যটনের ব্র্যান্ডিং স্পট কক্সবাজার। বালুচরে এমন দৃশ্য দেখলে মনে হবে রঙতুলির আঁচড় লেগেছে প্রতিটি ছাতায়। এছাড়াও কক্সবাজার জেলা প্রশাসন সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে। পর্যটন মেলাকে সুন্দর করতে এমন বর্ণিল আয়োজন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

পর্যটন মেলার আহ্বায়ক ও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, ‘বাড়তি সৌন্দর্যের জন্য রঙিন ছাতাগুলো দেয়া হয়েছে। ছাতাগুলো দেয়ার আগে যতটা সুন্দর হবে মনে করছিলাম; এখন তার চেয়েও বেশি সুন্দর লাগছে। শুধু লাবণীতে নয়, শত শত রঙিন ছাতায় সাজানো হবে সৈকতের ব্যস্ততম সুগন্ধা পয়েন্টও। প্রতি বছর পর্যটন মেলার আয়োজন করা হয়। তবে গতবারের চেয়ে এবারের আয়োজন হবে ভিন্ন এবং বড়। দুই শতাধিক স্টলের পাশাপাশি নতুনভাবে এবার যোগ হচ্ছে বিচ ম্যারাথন। পর্যটক ও দর্শনার্থীর বিনোদনে এবারের মেলায় রাখা হচ্ছে বিনামূল্যে সার্কাস। এছাড়া থাকছে বিচ বাইক শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবল, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান এবং কনসার্ট।’ বিশ্বদরবারে পর্যটন শহর কক্সবাজারকে তুলে ধরতে মেলার আয়োজন করা হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।