লক্ষ্মীপুরে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের ভোলা-বরিশাল সড়কের কাছারি বাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম আব্দুর রহিম (৪৫)। তিনি সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নতুন বেড়ীর মাথা এলাকার নূর-আলমের ছেলে। পাঁচ সন্তানের জনক আব্দুর রহিম পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিজ বাড়ি চররুহিতা থেকে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর বাজারে যাচ্ছিলেন আব্দুর রহিম। তিনি মোটরসাইকেল নিয়ে কাছারি বাড়ি এলাকায় পৌঁছালে লক্ষ্মীপুর থেকে আসা মজু চৌধুরী হাটগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।