অসুস্থ হয়ে পড়ায় রিমান্ডের মেয়াদ শেষের আগেই সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। গতকাল ঢাকার মহানগর হাকিম মো. আলী হায়দার কামাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ডে থাকা অবস্থায় শাজাহান খান অসুস্থ হয়ে পড়লে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মো. খোকন মিয়া। শুনানি শেষে আদালত শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গত শুক্রবার শাজাহান খানকে আদালতের মাধ্যমে সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ। তাকে গত বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে আটক করে জিগাতলায় মোতালিব হত্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।