সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে পোস্টার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফজাল হুসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌর শহরের টিকরবাড়ি এলপি গ্যাস ফিল্ডের কাছে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার বাঘা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের মৃত মাসুক মিয়ার পুত্র। 

গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) একলাছ মিয়া জানান, উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে ঘোড়া প্রতীকের পোস্টার লাগাতে টিকরবাড়ির পাশে এলপি গ্যাস ফিল্ডের দেয়ালে উঠতে চাইলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।