কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করা ১০১ জন
ইয়াবাকারবারির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের দিন ধার্য হয়েছে। আগামী ২৩ নভেম্বর
রায় ঘোষণা করা হবে।
আজ মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের
বিচারক মো. ইসমাঈল রায়ের আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ১৮ আসামিকে কারাগারে পাঠানোর
আদেশ দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট
ফরিদুল আলম জানান, গতকাল সোমবার ও আজ এই মামলার সাফাই সাক্ষ্য ও যুক্তিতর্ক হয়েছে।
এরপর আদালত রায়ের জন্য দিন ধার্য করেন এবং আদালতে উপস্থিত ১৮ আসামিকে কারাগারে পাঠানোর
আদেশ দিয়েছেন।
পিপি জানান, গতকাল এই মামলায় টেকনাফের বাহারছরা
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন এবং টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার
গিয়াস উদ্দিন সাফাই সাক্ষ্য দিয়েছেন। এরপর ওই দিন আংশিক যুক্তিতর্ক হয়। আজ অবশিষ্ট
যুক্তিতর্ক সম্পন্ন করে রায়ের দিন ধার্য করেন আদালত। অস্ত্র ও ইয়াবার পৃথক দুই মামলার
রায় আলাদা করে ঘোষণা হবে।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের ১৬
ফেব্রুয়ারি টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে ১০২ জন ইয়াবাকারবারি আত্মসমর্পণ করে। মামলা
চলাকালে সোহেল নামে এক আসামি কারাগারে মারা গিয়েছে। সাড়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট
এবং ৩০টি দেশীয় অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে উল্লেখ করে আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে
টেকনাফ মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে তৎকালীন ওসি (তদন্ত) এবিএমএস দোহা বাদী হয়ে পৃথক
দুটি মামলা দায়ের করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ২১ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ
এবং আসামিদের পক্ষে সাক্ষিদের জেরা করা হয়। আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষা ফলাফল
যাচাই, আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়াসহ মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হয়েছে।










