ভোট বর্জন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও)
আসনের স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদ। তিনি ঈগল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। এ প্রার্থী
দাবি করেন, প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট্ সবাই ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশ্বাস
দিয়ে ভোটে নামিয়েছিলেন। কিন্তু কেউ কথা রাখেননি।
আজ রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টার
দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন
মিজান সাঈদ।
তিনি অভিযোগ করে বলেন, নেতাকর্মীদের
দিয়ে প্রতিটি কেন্দ্রে জাল ভোট দিচ্ছেন নৌকা মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল। এমনকি
প্রতিটি কেন্দ্র থেকে ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। বিশেষ করে রামু উপজেলায়
পোস্টার তো দুরের কথা এজেন্ট পর্যন্ত দিতে দেয়া হয়নি।
মিজান সাঈদ বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর
নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি একবারেই নগণ্য, যাকে প্রহসনের
নির্বাচন বলা চলে। নৌকার প্রার্থীর কমলের কর্মী-সমর্থকরা আমার কর্মীদের ভোট কেন্দ্রে
যেতে বাধা দিচ্ছেন এবং ভয়ভীতি প্রদর্শন করছেন।
আরো জানান, এ বিষয়ে জেলা রিটার্নিং
কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করেও কোনো সাড়া পাননি। এ কারণে ভোট বর্জনের সিদ্ধান্ত
নিয়েছেন তিনি।
‘কেউ কথা রাখেনি’ উল্লেখ করে মিজান
সাঈদ বলেন, প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট্ সবাই ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশ্বাস
দিয়ে ভোটে নামিয়েছিলেন। কিন্তু এখন ঘটছে সম্পূর্ণ উল্টো, এটা তো ভোট হতে পারে না। তাই
ভোট স্থগিত করে পুনর্নির্বাচনের দাবিও জানাচ্ছি।
সব কর্মী-সমর্থকদের মাঠ থেকে চলে আসার
জন্য নির্দেশ দিয়েছেন বলেও জানান এ স্বতন্ত্র প্রার্থী।










