সিলেটের বিভাগীয় সমাবেশ একদিন এগিয়ে নিয়ে এসেছে বিএনপি। আগামী ২০ নভেম্বরের বদলে ১৯ নভেম্বর এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের হাদিস ও উসূলুল হাদিস পরীক্ষা থাকায় আজ রোববার সংবাদ সম্মেলন করে নতুন দিনক্ষণ জানাল বিএনপি।
নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। মাদ্রাসা সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দিন সিলেটে
৪ লাখ মানুষের সমাগম ঘটবে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সমাবেশের তারিখ এগিয়ে আনা হয়েছে।
অপরদিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রকে
২০০ গজ এলাকা সংরক্ষিত এলাকা ঘোষণা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। ওই ঘোষণায় মাঠে ২০
নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ করা নিয়ে অনিশ্চিতা দেখা দেয়। কারণ মাঠটি পরীক্ষাকেন্দ্রের
২০০ গজের মধ্যেই পড়েছে।
এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরীর যে
২৯টি পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকা ‘অস্থায়ী সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করে।
এর মধ্যে নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রও রয়েছে।
এসএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ আইন ২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যে কোনো কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল
আরিফ বলেন, যে সব কেন্দ্রে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা হবে, এগুলো সংরক্ষিত এলাকা
ঘোষণা দিয়ে নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখন বিএনপির গণসমাবেশ যেখানে
হবে, সেটা যদি ২০০ গজের ভেতরে পড়ে, তাহলে বিএনপি নেতারাই তাদের করণীয় ঠিক করবেন।
এই পরিস্থিতিতে বিএনপি সমাবেশ একদিন এগিয়ে
নিয়ে এসেছে।









